ঢাকা মহানগরীকে পরিকল্পিত ও উন্নয়নের সুষ্ঠু বিকাশ করতেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিজস্ব অর্থায়নে রাজধানীর উন্নয়ন দুই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। এতে পরিকল্পনা প্রণয়নে সহজ হবে। এরজন্য ব্যয় হবে ২৬ কোটি টাকা।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পরামর্শক প্রতিষ্ঠান দু’টির নিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০১৬-২০৩৫’ প্রণয়নের লক্ষ্যে রাজউকের আওতাধীন এক হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকাকে দু’টি ভাগে (পার্ট-এ এবং পার্ট-বি) ভাগ করা হয়েছে।

ক্রয় কমিটির বৈঠকে ‘ড্যাপ (২০১৬-২০৩৫)’-এর প্রস্তুতির জন্য ২টি লটে (লট-১ : পার্ট-এ এবং লট-২ : পার্ট-বি) দু’টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে লট-১ (পার্ট-এ)-এর কাজটির জন্য যৌথভাবে ‘শেলটেক প্রাইভেট লিমিটেড’ ও ‘দি ডেকোডি লিমিটেড’ এবং লট-২ (পার্ট-বি)-এর কাজটির জন্য ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড’-কে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে মোট ব্যয় হবে ২৬ কোটি টাকা।

এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, ‘পরিকল্পিত নগরায়ন ও উন্নয়নের মাধ্যমে ঢাকা নগরীর সুষ্ঠু বিকাশ ও পরিবেশগত টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে আগামী বিশ বছরে ‘ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান’ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

এর আওতায় ২০১৬-২০৩৫ সাল মেয়াদের জন্য ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান’(ড্যাপ) প্রণয়ন করা হবে, যার ভিত্তিতে এ মেয়াদকালে ঢাকা মহানগরীর ভবিষ্যত উন্নয়ন কর্মকা- ও উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম গৃহীত হবে।’

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে ‘ড্যাপ (২০১৬-২০৩৫)’ প্রণয়ণে দুই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগসহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া তথ্যগত অসম্পূর্ণতার কারণে দু’টি প্রস্তাব পুনরায় উপস্থাপন করতে বলা হয়েছে এবং এ ছাড়া অন্য একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

ক্রয় কমিটির বৈঠকে অপর তিনটি অনুমোদিত প্রস্তাব হচ্ছে, ‘ঢাকা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে’র আওতায় উত্তরা ও মিরপুরে পয়ঃসংগ্রহ ও নিষ্কাশন অবকাঠামো নির্মাণে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও টেন্ডার ডকুমেন্ট প্রস্তুতির জন্য কোরিয়ার প্রতিষ্ঠান দোহওয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

এর সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে দেশীয় প্রতিষ্ঠান ‘এইচবি কনসালটেন্টস লিমিটেড’ ও ‘ফিউচার এন্টারপ্রাইজ’। ভ্যাটসহ এ খাতে মোট ব্যয় হবে ১৩ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৈঠকে জাতীয় রাজস্ব ভবন নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২০ তলা ফাউন্ডেশন ও বেজমেন্ট ফ্লোর এবং অভ্যন্তরীণ পানি-বিদ্যুৎ সরবরাহ ও পয়ঃনিষ্কাশনসহ ১২ তলা বিশিষ্ট ‘জাতীয় রাজস্ব ভবন’ নির্মাণ হবে।

যৌথভাবে এ কাজটি পেয়েছে ‘প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড, জিকে বিল্ডার্স ও জিবি লিমিটেড। এটি নির্মাণে মোট ব্যয় হবে ৯৯ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া খুলনা ওয়াসার সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটি প্রকল্পের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এতে মোট ব্যয় হবে ৫৩৪ কোটি ৭৮ লাখ টাকা।’

এমকে