বাগেরহাটে ভ্যানচালক জাকারিয়া বেহারাকে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১টার দিকে বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাষ্ঠবাড়িয়া গ্রামের এনামুল মোল্লা (২০), আল আমিন শেখ (২১), জাহিদ গাজী (২৩) এবং একই উপজেলার খাজুরা গ্রামের এখলাস ওরফে আসাদুল কবির (২৩)। এদের মধ্যে আল আমিন শেখ পলাতক রয়েছেন।

একইসাথে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিন জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

জাকারিয়া বেহারা বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্রীকলস গ্রামের জাহাঙ্গীর বেহারার ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে জাকারিয়া আর বাড়ি ফেরেননি।

পরদিন ১৫ ফেব্রুয়ারি পিলজংগ গ্রামের পশ্চিমপাড়ার একটি খেঁজুরবাগান থেকে স্থানীয়রা জাকারিয়ার লাশ উদ্ধার করে।

এই ঘটনায় ঐ দিন রাতে নিহতের মা শরীফা বেগম বাদী হয়ে ফকিরহাট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলা তদন্ত করতে গিয়ে ফকিরহাট থানা পুলিশ ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের জনৈক আওয়াল শেখের বাড়ি থেকে ভ্যানটি উদ্ধার করে। পরে আওয়াল শেখকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের নাম জানতে পারে পুলিশ।

ফকিরহাট থানার উপপরিদর্শক ইশারাত হোসেন জানান, ২০০৯ সালের ১৩ আগস্ট আওয়াল শেখসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলা চলাকালীন সময়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বেলাল শেখ নামে এই মামলার এক আসামি নিহত হয়। এছাড়া বাগেরহাট কারাগারে গত ৯ আগস্ট আওয়াল শেখ অসুস্থ হয়ে মারা যান।

আদালত মৃত ঐ দু’জনকে বিচার প্রক্রিয়া থেকে বাদ দিয়ে এই রায় ঘোষণা করেন। মামলার শুনানিকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এমকে