টানা দুইদিন বন্ধ থাকার পর রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস চলাচল শুরু হয়েছে। জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কারণে রোববার হতে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিলো।
সোমবার হরতালের শেষ দিনে বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে পরিবহন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এ বিষয়ে এনা পরিবহনের কাউন্টার মাস্টার মো. আলাউদ্দিন বলেন, সোমবার বিকেল ৩টায় যেসব ট্রিপ ছিলো ইতোমধ্যে তা টার্মিনাল ছেড়ে গেছে। অন্য ট্রিপগুলোও ধীরে ধীরে ছাড়া হবে। তবে হরতালের কারণে রোববার থেকে সোমবার ৩টার আগে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বলেও জানান তিনি।
বাস ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়াগামী এরাবিয়ান হর্স ট্রান্সপোর্ট লিমিটেডের টিকেট বিক্রেতা মো. রিপন জানান, আমাদের বাস বিকাল ৪টায় ছাড়া হবে। ইতোমধ্যে অনেক যাত্রীই টিকেট নিয়েছেন। দুই দিন বন্ধ থাকার কারণে যাত্রীর চাপ রয়েছে।
এরাবিয়ান হর্স পরিবহনের যাত্রী জহির আহমেদ বলেন, আরো দুদিন আগে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু হরতালের কারণে পারিনি। এজন্য সোমবার আগেই কাউন্টারে এসে বসে ছিলাম। যেহেতু বিকালে হরতাল শেষ হবে, তাই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যেন আগেভাগেই যেতে পারি।
জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতাল শেষ হতে এখনও বাকি ৩ ঘণ্টা। সোমবার সন্ধ্যা ৬টায় হরতাল শেষ হওয়ার কথা। তবে দেশব্যাপী জামায়াতের ঢিলেঢালা হরতালের কারণে পরিবহন কর্তৃপক্ষ আগে থেকেই বাস ছাড়ার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
জেআই





