কুমিল্লার লাকসামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার ভোরে তারা মারা যান।

এরা হলেন- উপজেলার শ্রীয়াং গ্রামের সফিকুর রহমানের ছেলে আবদুর রহিম (৩০) ও আবদুল মন্নানের ছেলে সুলতান (২৮)।

স্থানীয়রা জানান, শ্রীয়াং গ্রামের সাইফুল ও সেলিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার ভোরে আবদুর রহিম ও সুলতান চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, সংঘর্ষে আহতদের মধ্যে আবদুর রহিম ও সুলতানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এএইচ