নওগাঁর রাণীনগর স্টেশনে ব্রিজের সাথে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছে।
বুধবার ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ছাদে করে গন্তব্যে যাওয়ার সময় ওই চারজন এ দুর্ঘটনার কবলে পড়ে বলে খবরে সত্যতা নিশ্চিত করেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড় হাসিদা গ্রামের জাহাঙ্গীর আলম, নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলার বোদা উপজেলার আপেল মাহমুদ ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মো. মনির।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন ওই চারজন। ট্রেনটি আত্রাইয়ে এলে তারা একটি ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এই স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। তবে লোকাল ট্রেন থামে। লাশ সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
জেড





