একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে চট্টগ্রামের রাউজানে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রোববার সকাল ৯টা ৪০ মিনিটে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে গহিরার নিজ বাড়ি বাইতুল বিলালের উঠানে সাকা চৌধুরীর লাশের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাকা চৌধুরীর পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন।

সকাল ৯টায় সাকার লাশবাহী অ্যাম্বুলেন্স রাউজানের গহিরায় পৌঁছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, গহিরায় পারিবারিক কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশে সালাউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। এর দুই ঘণ্টা পর তার মৃতদেহ নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয় অ্যাম্বুলেন্স।

এমকে