করোনাভাইরাসের টিকা নিতে বয়সসীমা কমিয়ে ১৮ বছরে নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এই তথ্য জানিয়েছেন।

ডা. শামসুল হক বলেন, “গতকাল (মঙ্গলবার, ১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের জন্য বয়সসীমা ১৮ বছরে নামিয়ে নিবন্ধন চালু করা হয়। আর তখন থেকে এ পর্যন্ত (বুধবার, ২০ অক্টোবর বিকাল ৪টা) পর্যন্ত ২ লাখের বেশি নিবন্ধন হয়েছে। এর আগে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের সর্বনিম্ন বয়স ছিল ২৫ বছর।”

তিনি বলেন, বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনার ফলে ১৮ থেকে শুরু করে তদূর্ধ্ব সবাই এখন থেকে নিবন্ধন করতে পারবেন।

উল্লেখ্য, দেশে চলতি বছর ২৬ জানুয়ারিতে ৫৫ কিংবা তদূর্ধ্ব বয়সসীমার ব্যক্তিদের জন্য সুযোগ রেখে করোনাভাইরাস টিকার নিবন্ধন শুরু হয়েছিল। পরে দ্বিতীয় দফায় বয়সসীমা কমিয়ে ৪০ বা তদূর্ধ্ব করা হয়, তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর, চতুর্থ দফায় ৩০ বছর করা হয় গত ১৯ জুলাই। এরপর গত ২৯ জুলাই বয়সসীমা আরও কমিয়ে ২৫ বছর করা হয়। এবার করোনার টিকা নিতে বয়স আরও কমানো হলো।

এমবি