ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী পারাবত-১০ লঞ্চের সঙ্গে অজ্ঞাত কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের পাঁচযাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ভোররাত ৪ টার দিকে বরিশালের সদর উপজেলার চরমোনাই এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

পারাবত লঞ্চের পরিচালক খাজা ইকবাল জানান, পারাবত-১০ লঞ্চ ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালে আসছিল। বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এসে পৌঁছালে একটি কার্গোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

পারাবত লঞ্চের ঘাট সুপারভাইজার জানান, সংঘর্ষের পর কার্গোটি গতি বাড়িয়ে চলে যায়। তবে এ দুর্ঘটনার নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, পারাবত-১০ লঞ্চের সঙ্গে কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছেন। যাদের চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী যাত্রীদের নিয়ে লঞ্চটি নিরাপদে ঘাটে পৌঁছায়।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস