বিনা অপরাধে ভারতে ১০ বছর জেল খাটার পর দেশে ফিরিয়ে আনা হয়েছে বাদল ফরাজীকে। বিমানবন্দর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় তাকে। নাম বিভ্রাটের কারণে একটি খুনের মামলায় দিল্লির তিহার কারাগারে ছিলেন তিনি।

শুক্রবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বাদল ফরাজীকে নিয়ে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধিদলের সদস্যরা।

বিমানবন্দরে পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও বাদলের সঙ্গে তাদের দেখা করতে দেয়া হয়নি। ২০০৮ সালে তাজমহল দেখার উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বাগেরহাটের বাদল।

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সেখানকার একটি খুনের ঘটনায় তাকে আটক করে বিএসএফ। হিন্দি বা ইংরেজি কোন ভাষাই না জানার কারণে দীর্ঘদিন ধরে তাকে কারাবন্দি থাকতে হয়।

পরবর্তীতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে বন্দি বিনিময় চুক্তি আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হলো।

এসএম