খুলনা সিটি করপোরেশন প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। সারা শহর ময়লার স্তূপ আর ভাগাড়ে পরিণত হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমন অভিযোগ করেছেন।
মিজানুর রহমান বলেন, সিটি মেয়র মনিরুজ্জামানকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ বলে দাবি করেন। খুলনার সকল চলমান উন্নয়নের কাজ স্থবির হয়ে পড়েছে, কাজ যা হচ্ছে তা খুবই নিম্নমানের। কাউন্সিলররা আর প্যানেল মেয়রা ঠিকাদারি কাজ ভাগাভাগি করে নিচ্ছেন।
তিনি দাবি করেন, সিটি করপোরেশনে চরম অরাজকতা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ নিম্নপদস্থ কর্মকর্তারা মানছেন না।
মিজানুর রহমান বলেন, বিপুল পরিমাণ লোকবল থাকার পরও নগরীর ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে না। আবর্জনার স্তূপ জমে নগরীর বিভিন্ন স্থানে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অথচ সিটি করপোরেশনের যেন কোনো মাথা ব্যথাই নেই।
সংসদ সদস্য মিজানুর রহমানের অভিযোগের বিষয়ে কথা বলতে সিটি মেয়র মনিরুজ্জামানের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
জেআই





