লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সহকর্মীর ঘুষিতে মো. রিয়াজ (১৪) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে গ্রামীণ হোটেলে (খাবার রেস্তোরাঁ) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সহকর্মী আবিরকে আটক করা হয়েছে।নিহত রিয়াজ উপজেলার শিক্ষাগ্রামের সফু মাঝির ছেলে।

নিহতের মা পারভীন আক্তার ও বাবা সফু মাঝি বলেন, পরিবারের অভাব মেটাতে তিন বছর ধরে গ্রামীণ হোটেলে শ্রমিকের কাজ করছে রিয়াজ।

সোমবার রাতে হোটেলের রান্নাঘরে সহকর্মী আবিরের সঙ্গে রিয়াজের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আবির ও হোটেল মালিক জাহের তাকে মারধর করে। এ সময় রিয়াজ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

প্রথমে রিয়াজকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় হোটেল মালিক তার মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের।

রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই হোটেল কর্মচারীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিক আবিরের ঘুষিতে অপর শ্রমিক রিয়াজ জ্ঞান হারায়।

এ ঘটনায় অভিযুক্ত আবিরকে আটক করা হয়েছে।

এবি