নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে চড় দেওয়ায় ইসলামপুর গুনাইহাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকে উভয়পক্ষের শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়।

এর আগে গত সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে ওই ছাত্রীর বাবা ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম ও অধ্যক্ষ ওসমান গণি অভিযোগ জানান, প্রাথমিকভাবে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ওই ছাত্রীর বাবা জানান, গত শনিবার তার মেয়ে মাদ্রাসায় গেলে ইংরেজি বিষয়ের শিক্ষক আলমগীর হোসেন তাকে শারীরিকভাবে আঘাত করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরদিন দুপুরে মেয়েকে স্থানীয় আমিনা হাসপাতালে ভর্তি করান তিনি।

অভিযুক্ত শিক্ষক মালিপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, ওই ছাত্রীকে কয়েকটি চড় দিয়েছেন তিনি। এজন্য তিনি ক্ষমা প্রার্থী। তবে অসুস্থ হয়ে পড়ার মতো আঘাত করেননি তিনি।

ওএফ