কক্সবাজার বিমানবন্দর থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ছয় নারী-পুরুষকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার বিকাল ৩টায় এ অভিযান চালায়।
আটককৃতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। তারা হলেন-টেকনাফ উপজেলার ছোট হাবিব পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে আবুল কালাম (৪৮), তার স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে নাসিমা আক্তার (১৮), নসিমা আক্তার (২১), টেকনাফের পল্লাল পাড়ার শওকত আলীর ছেলে নাহিদুল ইসলাম এবং শহরের তারাবনিয়ারছড়ার মোহাম্মদ হোসেনের ছেলে ছাইফুল ইসলাম।
কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তাকর্মী মো. মোস্তাফিজ জানান, আটকদের ৩টা ১৫ মিনিটে ইউনাইটেড এয়ারওয়েজ বিমানে করে ঢাকায় যাওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী তাদের ব্যাগ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। পরে গোয়েন্দা পুলিশকে খবর দেওয়া হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন দেওয়ান জানান, বিমানবন্দর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় ডিবি পুলিশের একটি দল। পরে ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জেআই





