স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগকে ভেঙে দুটি করা হয়েছে। একটি ‌‘জননিরাপত্তা বিভাগ’ এবং অপরটি ‘অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগ’।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটি বিভাগ করার এ তথ্য জানানো হয়।

জন নিরাপত্তা বিভাগে থাকছে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, আইসিটি, তদন্ত সংস্থা, ন্যাশনাল টেলিমনিটরিং সেল।

অপরদিকে অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগে থাকছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাসপোর্ট, কারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইত্যাদি।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করে দিয়েছেন।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে ভেঙে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করে সরকার।

এমবি