যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে আতাউর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আতাউর মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে। মঙ্গলবার ভোরে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।


মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, ভোরে মণিরামপুর উপজেলার বাড়িয়ালি নামক স্থান থেকে পুলিশ আতাউরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ওসি আরো জানান, স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দ্বে দু’বছর আগে ওই এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যা মামলার আসামি ছিলেন আতাউর। হত্যাকাণ্ডের পর আতাউর যশোর শহরে থাকতেন। সম্প্রতি তিনি গ্রামে আসেন। সোমবার রাত ৮টার দিকে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্রের বাড়িতে যায়।

ঝড়বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে বাড়িয়ালি নামক স্থানে দুর্বৃত্তদের কবলে পড়েন তিনি। দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভোরে পুলিশ লাশ উদ্ধার করে।

এমএনজে