বগুড়ায় বিক্ষোভ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পাঁচ শিবির কর্মীসহ আট জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল আটটার দিকে শিবির নেতাকর্মীরা শহরের জিরোপয়েন্ট সাতমাথা ফলের দোকানের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাবের সামনে যাওয়ার পর এসআই আসলামের নেতৃত্বে একদল পুলিশ মিছিলের সামনে ব্যারিকেড সৃষ্টি করলে শিবির কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
আটককৃতরা হলেন- মুশফিকুর রহমান, কায়েস উদ্দিন, আব্দুল মতিন, শরিফুল ইসলাম, উজ্জল হোসেন, শামউল ইসলাম, শাহ আলম ও রেজাউল করিম।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় পাঁচ শিবির কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ককটেল উদ্ধার করেছে।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শিবির নেতা তহুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
কেএইচ





