একটি গাছের ৩টি অথবা ৭টি মাথার কথা শোনা গেলেও শোনা যায়নি ১৪ মাথার কথা। কিন্তু এমনই এক বিচিত্র গাছের সন্ধান পাওয়া গেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর সরদার পাড়া গ্রামে।

ওই গ্রামের আসমত মোল্লার বসত ভিটায় একটি খেজুর গাছ ১৪টি মাথা নিয়ে বেড়ে চলেছে। গাছটিকে ঘিরে তৈরী হয়েছে মানুষের মধ্যে কৌতুহল। কেউ কেউ গাছটিকে অলৌকিক শক্তি ভেবে মনের আশা পুরনের জন্য বিভিন্ন মানত করছেন। এদিকে প্রতি বৃহস্পতিবার রাতে স্থানীয় বাউল শিল্পীরা আড্ডা জমাচ্ছেন গাছটির গোড়ায়।

গাছটির মালিক আসমত মোল্লার ভাতিজা শাহিন জানান, দশ থেকে বারো বছর বয়সের গাছটি প্রথমে একটি মাথা নিয়ে বের হয়। কয়েক বছর পর তিন-চারটি মাথা দেখা গেলেও শেষ ৬ মাসে তা থেকে চৌদ্দটি মাথা বের হয়। তবে আরো মাথা বের হতে পারে বলে ধারনা করেন তিনি। এদিকে উৎসুক জনতা গাছটি দেখতে প্রায় প্রতিদিনই ভীড় করছেন।

এছাড়াও মনের আশা পুরনের জন্য মানত দিতে প্রায়ই লোকজন সেখানে আসেন এবং রমজান মাস ছাড়া সারা বছরের প্রতি বৃহস্পতিবার রাতে স্থানীয় বাউল শিল্পীরা এখানে বাউল গানের আসর জমান বলে তিনি জানান।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ