সিলেটের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি পর্যন্ত আনা তেলের পাইপ লাইন ফুঁটো হয়ে অনবরত তেল বেরিয়ে জমিতে পড়ছে। আর এই অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহে এলাকার শতশত মানুষ সোমবার বিকেলে হুমড়ি খেয়ে পড়েছে ওই এলাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এসে দুই ঘণ্টা চেষ্টার পর ফুঁটোটি বন্ধ করে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে আশুগঞ্জের গ্যাস ট্রান্সমিশ কোম্পানি লিমিটেড (জিটিসিএল) পর্যন্ত তেলের পাইপ রয়েছে। ওই পাইপ দিয়ে গ্যাস ক্ষেত্র থেকে অপরিশোধিত তেল শোধনের জন্য আশুগঞ্জে আনা হয়। পরে তা সরবরাহ করা হয় বিভিন্ন ডিপোতে।

সোমবার বিকেলে আশুগঞ্জের আলমনগর গ্রামের ফিরোজ মিয়ার জমি দিয়ে তেল বেরুতে থাকে। এক পর্যায়ে তেল ছড়িয়ে পড়ে বিভিন্ন জমিতে। এলাকার লোকজন কলস, জগসহ বিভিন্ন পাত্রে তেল সংগ্রহ করে। কেউ-কেউ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই তেল বিক্রি করে।

আশুগঞ্জ থানার এসআই মো. তোফাজ্জল হোসেন জানান, বিষয়টি জানার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি। বিকেলে জিটিসিএল’র লোকজন এসে মেরামত শুরু করে। মেরামত শেষে তেল বের হওয়া বন্ধ হলে লোকজন সরতে শুরু করে।

আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের উপমহা-ব্যবস্থাপক মো. আব্দুল মোমেন জানান, আগের ত্রুটির কারণেই ওই এলাকা দিয়ে তেল বের হয়। আমরা বাল্ব বন্ধ করার পর তেল বের হচ্ছে না। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত হলে বলা যাবে, কতটুকু তেল বের হয়েছে।

জেআই