মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ছেলে চন্দন রবিদাসের (২২) ছুরিকাঘাতে মা ফুল কুমারী রবিদাস (৪৮) নিহত হয়েছেন।

রোববার দুপুরে শমমেরনগর চা বাগানের রবিদাস টিলা বস্তিতে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চা শ্রমিক ফুল কুমারী রবিদাসের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে চন্দন রবিদাস বড়। বছরখানেক আগে তাকে বিয়ে করিয়ে বাবা সরমজিৎ রবিদাসের নাম বদল করে চা বাগানের নিয়মিত শ্রমিক হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। কয়েকদিন ধরে ছেলে চন্দন রবিদাসের মনোভাব ভালো যাচ্ছিল না বলে পারিবারিকভাবে তাকে একজন কবিরাজ দেখানো হয়।

দুপুরে তর্কবিতর্কের একপর্যায়ে মায়ের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মা মারা যায়। পরে এলাকাবাসী ছেলেকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

শমশেরনগর চা বাগানের ওয়ার্ড ইউপি সদস্য ইয়াকুব মিয়া বলেন, ধারণা করা হচ্ছে ছেলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে কাজ করেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারী ঘাতক ছেলে চন্দন রবিদাসকে আটক করা হয়েছে।

এমই