রাজধানীর ফকিরাপুলে একটি মসজিদের পানির ট্যাংকি ধসে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার বিকালের এ ঘ্টনায় আহত হয়েছেন আটজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মো. সালাম (৪০) একটি লন্ড্রির (ধোপাখানা) মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে ফকিরাপুল বাজারের মসজিদের পানির ট্যাংকি ধসে দোকানপাটের ওপর পড়ে। এতে মসজিদের পাশে থাকা একটি লন্ড্রির (ধোপাখানা) মালিক সালাম ঘটনাস্থলেই মারা যান। এসময় চাপা পড়েন আরো আটজন।
ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি জানান, সালামের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





