রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের পাশে বাগানবাড়ি বস্তির প্রায় ১৫ হাজার লোক পানিবন্দি হয়ে আছেন। কয়েকদিনের ভারী বর্ষণ ও খালের পানি উপচে এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, বস্তির তিন হাজার ঘরে ১৫ হাজারের মতো লোকের বাস। যার প্রায় অর্ধেকই শিশু। জলাবদ্ধতার কারণে সোমবার সকাল থেকেই রান্নাসহ স্বাভাবিক সব কাজ বন্ধ হয়ে আছে।
বস্তির এক ভাড়াটিয়া জানান, এখানকার অধিকাংশ লোকই গার্মেন্টসকর্মী। সকালে তাদের অনেকেই না খেয়ে কাজে গেছেন। দুপুরেও ঘরে ফিরতে পারছেন না।  
বস্তিতে ১০-১২টি ঘরের মালিক সঞ্জু। তিনি জানান, ১৪ নম্বর থেকে খালটি কালসি কালাপানি এলাকায় গিয়ে অন্য একটি খালের সঙ্গে মিশেছে। খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  
ঘরের ‍মালিক হাসু জানান, একটু বৃষ্টি হলেই আমরা এ ধরনের সমস্যার সম্মুখীন হই। স্থানীয় এমপি ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে, তাদের কাছে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভোটের সময় অসুবিধা দূর করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন কোনো খোঁজ নেয় না। সমাধানের জন্য গেলে আমাদের তাড়িয়ে দেয়।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]