বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগে জাপানকে বিশেষ অঞ্চল (জোন) দেওয়ার কাজ চলছে।

বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে জাপানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইকোনোমি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বিষয়ক ভাইস মিনিস্টার নূরেহিকো ইসহিগুরো’র নেতৃত্বে বাংলাদেশে সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল বলেন, জপান বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন সহযোগী। বাংলাদেশে তাদের সাহায্যের পরিমাণ বর্তমানে প্রায় ১০ বিলিয়ন ডলার। এছাড়াও বাংলাদেশকে তারা বর্তমানে ডিউটি ফ্রি মার্কেট সুবিধা দিচ্ছে। জাপান বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী। যে কারণে তাদের জোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে আটটি স্থানকে জোনের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে যেকোনো একটিকে চূড়ান্ত করা হবে।জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে ৩৭ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লা ভিত্তিক একটি উন্নত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশকে এসব সহযোগিতার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

রাজধানীর তোবা গার্মেন্টস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিজিএমইএ প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা হয়েছে। তারাই শ্রমিকদের স্বার্থ রক্ষা করবেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ