মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে অপহৃত নায়েক রাজ্জাককে পতাকা বৈঠকের মাধ্যমে দুই-এক দিনের মধ্যে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেছেন, এ বিষযে মিয়ানমারের একটি সূত্র থেকে আশ্বাস পাওয়া গেছে। সকালে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বিজিবির মহাপরিচালক বলেন, বৈঠক ও রাজ্জাককে ফিরিয়ে আনার স্থান-কাল-পাত্র ঠিক হয়েছে। দুই-এক দিনের মধ্যে তাকে আমরা ফিরে পাব।

রাজ্জাককে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য আজ বিজিবি প্রতিনিধিদল মিয়ানমার যাওয়ার যে কথা ছিল তা হচ্ছে না। তবে বিজিবির মহাপরিচালক জানান, নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। দ্রুতই পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে।ৱ

আব্দুর রাজ্জাককে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ছবিতে যতটুকু দেখেছি, তার নাকে-মুখে আঘাতের চিহ্ন আছে। তবে তাকে না পাওয়া পর্যন্ত, তার মুখ থেকে না শোনা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। রাজ্জাককে নিয়ে যাওয়ার সময় বিজিপি ও বিজিবির মধ্যে বৈঠা নিয়েও মারামারি হয়েছে বলেও জানান তিনি।

১৭ই জুন টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। 

এএইচ