নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা আবাসিক ভবন ধসের ৪৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র ওয়াজিদের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুর ২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াজিদ স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধসে পড়া ভবনের একটি দেয়ালের নিচে শিশুটি চাপা পড়েছিল।দেয়ালের নিচে চাপা পড়ে থাকায় তাকে উদ্ধার করা বা তার সন্ধান পেতে দেরি হয়েছে।
স্থানীয়রা জানান, ভবনটি মূলত একটি ডোবার উপর নির্মাণ করা হয়েছিল। সেখানকার লোকজনও এ ব্যাপারে অনেকবার ভবন মালিককে নিষেধ করেছিলেন। ভবনটি কোনো সয়েল টেস্ট কিংবা রাজউকের অনুমতি ও পাইলিং ছাড়া নির্মাণ করা হয়েছিল। ছিল না কোনো ফাউন্ডেশনও। সম্প্রতি চারতলার ছাদ ঢালাই দেওয়া হয়। আর এ লোড নিতে না পেরেই রোববার ধসে পড়ে ভবনটি।
উল্লেখ্য রোববার (০৩ নভেম্বর) বিকেলে নগরীর মুন্সীবাড়ি এলাকার এইচএম ম্যানশন ভবনটি ধসে পড়ে। সে সময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। তখন থেকেই শিশু ওয়াজিদ নিখোঁজ ছিলো।
এএস





