শুধু জুনে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩১ কোটি ১৯ লক্ষ ০৬ হাজার টাকার চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তারা।
বিজ্ঞপ্তিতে তারা জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩১ কোটি ১৯ লক্ষ ০৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১,৭৯,০৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪,৮১৭ বোতল বিদেশী মদ, ১৪৭ লিটার বাংলা মদ, ২,৮৪৮ ক্যান বিয়ার, ১৯,৬৭৪ বোতল ফেনসিডিল, ১,৫৬৫ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, ১,৭১৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১১,৮৩৫টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১০,১৩,০২০টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ১০টি স্বর্ণের বার, ৫,৯৮৮টি শাড়ি, ২,০২৬টি থ্রীপিস/শার্টপিস, ৩৪,১৩৩ মিটার থান কাপড়, ১৮,৪১৯টি তৈরী পোশাক, ১,০৮১ টি গাড়ীর যন্ত্রাংশ, ৩ টি পিকআপ, ৩ টি ট্রাক, ১২ টি সিএনজি চালিত অটোরিক্সা, ৫০ টি মোটর সাইকেল, ৪,৮৬০ ঘনফুট কাঠ এবং ৬ হাজার ১০৭ কেজি চা পাতা।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪ টি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ২০ রাউন্ড গুলি এবং ৯ টি ম্যাগাজিন। বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ০৪ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক ৩ জনকে বিএসএফ এর নিকট হস্তান্তর এবং ১ জনকে থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি হতে জুন মাস পর্যন্ত বিজিবি ৪৯৯ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
জেড





