ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী ট্রলির চাপায় মবিনুর রহমান (৩৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাওয়ার প্লান্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মবিনুরের বাড়ি বরিশাল জেলায়। তিনি পদক্ষেপ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) স্থানীয় শাখার ম্যানেজার ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, সকালে পাওয়ার প্লান্ট সড়কে মালবাহী একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মবিনুর। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মবিনুরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এমই





