স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, দেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের ২৫ শতাংশই স্তন ক্যান্সারে আক্রান্ত। আমরা বাংলাদেশকে পোলিওমুক্ত করেছি। এখন স্তন ক্যান্সারমুক্ত করতে হবে।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্তন ক্যান্সার সম্মেলন- ২০১৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ব্রেস্ট ক্যান্সার স্টাডি ফোরাম ও সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম জানান, পশ্চিমাদের তুলনায় বাংলাদেশি নারীরা কম বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাই সরকার প্রতিবছর ডিসেম্বরে বিনামুল্যে স্তন ক্যান্সার শনাক্তের সেবা (স্তনের এক্স-রে) দেবে। এছাড়া আইসিইউ, সিসিইউ সেবা বিভাগীয় পর্যায় থেকে ক্রমান্বয়ে জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়া হবে।
তিনি আরওজানান, সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মেমোগ্রামের যন্ত্রপাতি রয়েছে। সেখানে স্তন ক্যান্সার শনাক্ত করা হয়। প্রতি ডিসেম্বরে নারীরা হাসপাতালে ক্যান্সার শনাক্ত করার পরীক্ষা নিতে পারবেন। দরিদ্রদের জন্য বিনামূল্যে এ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন অনেক মায়েরা শিশুকে বুকের দুধ দিতে চান না। যারা বুকের দুধ সন্তানকে খাওয়ান, তাদের ঝুঁকি কম।
তিনি ডাক্তারদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা যদি এ বিষয়টিতে সদয় হন, মমত্ববোধ দেখান, তাহলে অনেক রোগীই উপযুক্ত সেবা পাবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, মার্কিন যুক্তরাষ্ট্রের অনকোলজিস্ট সোসাইটির সহ-সভাপতি রিচার্ড লাভ প্রমুখ।
কেএইচ





