কুমিল্লার বাঘমারায় বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ সাতজন নিহত হয়েছেন।

রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে লালমাই উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজির চালকসহ পাঁচ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। বাসের দুই যাত্রী গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

গুরুতর আহত আরও দুই বাসযাত্রীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লালমাই থানার ওসি বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে জামতলী কুমিল্লা থেকে লাকসামগামী একটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালকসহ পাঁচ আরোহী নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী, তিনজন পুরুষ। আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুজন সেখানে মারা যান। নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

এর কিছুক্ষণ পর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেন, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে। এরা বাসের যাত্রী ছিলেন।

 

এসএম