খাগড়াছড়ি পার্বত্যজেলার কুমিল্লাটিলা এলাকার মো: মজিবুর রহমানের ছেলে আল মোমিন, কঠোর অনুশীলন ও একাগ্রতায় নিজেকে পৌঁছে নিয়েছে স্বপ্নের দ্বারপ্রান্তে। অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক বাছাই পর্বে স্থান পেয়েছে সে। তার এমন সাফল্যে খুশি জেলা ক্রীড়া সংস্থা ও তার পরিবার।
খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র সে। এ অলরাউন্ডার জেলা ক্রীড়া সংস্থার বয়সভিত্তিক দল অনুর্ধ্ব-১৬ থেকে অনুর্ধ্ব-১৮ পর্যন্ত সব ক’টি খেলায় পারদর্শীতার সাক্ষর রেখেছে । অনুর্ধ্ব-১৬ তে ভালো খেলে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে ডাক পায় এবং পরবর্তীতে অনুর্ধ্ব-১৭ জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করে, তারই ধারাবাহিকতায় অনুর্ধ্ব-১৮ বিভাগীয় দলে ভালো খেলে অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রাথমিক বাছাই পর্বে নিজের অবস্থান করে নিতে সক্ষম হয় খাগড়াছড়ির ছেলে আল মোমিন।
জেলা ক্রিকেট কোচ মুজাহিদ বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, আল মোমিন, সাকিল, ইশান ও জয় সিনহারা এখন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছে। এজন্য প্রয়োজন খেলাধুলার সুযোগ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা জানান, আল মোমিনের সাফল্য ঈর্ষণীয়। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।
এমই/আবু বকর





