আশুলিয়ার চারাবাগ এলাকার পলমল গ্যাস লাইটার কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর কারখানার শ্রমিকরা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে তারা দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দগ্ধরা হলেন- মেরিনা (১৯), সুরমা (২১), রোজিনা (২০), ময়না (১৯), রেবেকা (১৮), মাজেদা (২৩), রেশমা (২০) ও সেলিনা (২২)। বাকিদের নাম জানা যায়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, সিলিন্ডার থেকে লাইটারে গ্যাস ভরার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। এ সময় পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ১২ শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
কেএইচ





