অবরোধের ১৪ তম দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েক জন। এর বাইরেও ভাংচুর করা হয়েছে অনেক যানবাহন। রিপোর্টারদের পাঠানো তথ্য নিম্নে দেয়া হল।

মতিঝিলে জনতা ব্যাংকের স্টাফ বাসে আগুন
রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে জনতা ব্যাংকের স্টাফদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রলয় কুমার জানান, হঠাৎ করেই দুর্বৃত্তরা মধুমিতা সিনেমা হলের সামনে ওই বাসটিতে আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি।

অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, মধুমিতা সিনেমা হলের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ফেনী শহরে ৪৫টি মালবাহী গাড়ি ভাঙচুর

ফেনীতে ৪৫টি মালবাহী গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের তাকিয়া ও ইসলামপুর রোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭/৮ জনের একদল দুর্বৃত্ত রামপুর এলাকার তাকিয়া, ইসলামপুর রোড় ও পায়খানা গলিতে থেমে থাকা মালবোঝাই ট্রাক-পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাসহ ৪৫টি গাড়ি ভাঙচুর করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয়। শতশত মানুষের সামনে এমন ন্যাক্কারজনক ভাঙচুরে অবাক ছিল নিরীহ মানুষ। খবর পেয়ে ঘটনার এক ঘণ্টা পর স্থানীয় এসএসকে রোডের ইনচার্জ এসআই কামাল হোসেন উপস্থিত হয়।

তিনি জানান, ভাঙচুরের সময় পুলিশ খবর পায়নি। এই ঘটনায় তদন্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক হারুন এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

নারায়ণগঞ্জে বাস ও ট্রাকে আগুন

শহরের গাবতলী এলাকায় ঢাকা-নারায়য়ণগঞ্জ পুরাতন সড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। সোমবার বেলা সোয়া বারোটার দিকে এ ঘটনা ঘটে।

এতে বাসের তিন যাত্রী আহত হয়েছে। আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আনন্দ পরিবহনের একটি বাস চাষাঢ়া থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে গাবতলী মোড়ে গেলে বিশ-ত্রিশজন যুবক তাতে হামলা চালায়। এক পর্যায়ে তারা বাসে ভাঙচুর চালিয়ে যাত্রীদের নামিয়ে দেয় এবং পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। একই সময় তারা একটি ট্রাকেও আগুন দেয়।

ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গতরাতে শহরের চাষাঢ়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় এক চিকিৎসক দম্পতিসহ ১০ জন আহত হয়। গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত নারায়ণগঞ্জে কমপক্ষে ১৫টি যানবাহন পোড়ানো হয়েছে।

নোয়াখালীতে গাড়িতে আগুন

২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৪তম দিনে নোয়াখালীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে জেলা শহর মাইজদীতে এ ঘটনা ঘটে।

এ সময় চালক ও হেলপার নিরাপদে বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে রোববার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে বিএনপির ১৪ জন ও জামায়াতের একজন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে শহরের বড় মসজিদ মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে সকাল ৯টার দিকে শহরের সোনাপুর-চৌমুহনী সড়কের মফিজ প্লাজার সামনে থেমে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুন দেখে গাড়িতে থাকা চালক ও হেলপার দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকালে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সড়কের ওপর থেমে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, অবরোধকে ঘিরে সকল ধরনের সহিংসতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সকল ধরনের নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ও বিভিন্ন সড়কের পুলিশের পাশাপাশি বিজিবি টহলে রয়েছে।

নাটোরে রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং

রাজশাহী বিভাগে টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।

শহরের ভবানী গনজের মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কে রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা। নাটোর শহর আমির আতিকুল ইসলাম রাসেল ও জেলা ছাত্রশিবিরের প্রাক্তন সভাপতি আলী আল মাসুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক ঘুরে মাদ্রাসা মোড়ের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে, হরতালে শহরে সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নিরাপত্তা বজায় রাখতে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি টিম অব্যাহত টহল দিচ্ছে।

এএইচ