গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে তাবলীগ জামাত আয়োজিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। মঙ্গলবার যোহরের নামাজের পর শেষ হয় জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।

এদিকে প্রতিবছরের ন্যায় মূল ইজতেমার ৪০ দিন আগে গত ২৮ নভেম্বর শুরু হয় এ জোড় ইজতেমা। এতে তিন লক্ষাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, সারা বছরের কাজের মূল্যায়ন এবং নুতন করে চিল্লায় অংশ নিয়ে আবার জান এবং মাল দিয়ে ঈমানী দাওয়াত নিয়ে আল্লাহর রাস্তায় দেশ বিদেশে বেরিয়ে পড়বেন তারা। আল্লাহ এবং আল্লাহর রাসুলের দ্বীনের পথে নিজে এবং অন্যদের দাওয়াত দিয়ে খাঁটি ঈমানদার মুসলমান হওয়ার কাজে ব্যস্ত থাকবেন।

জোড় ইজতেমায় আগত মুসুল্লিদের মধ্যে বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত ছয় মুসুল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এবারের জোড় ইজতেমায় দেশ-বিদেশের প্রায় তিন লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

ইজতেমার মুরব্বী প্রকৌশলী আব্দুন নূর জানান, মঙ্গলবার দুপুরে দিল্লির মাওলানা ইব্রাহিমের পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হয়।

ইজতেমার মুরব্বী হাফেজ মাওলানা সাকিল জানান, জোড় ইজতেমা শেষে খণ্ড খণ্ড জামাতে (দলে) বিভক্ত হয়ে প্রায় তিন হাজার জামাত ইজতেমার দাওয়াতি কাজে দেশ বিদেশে বেরিয়ে পড়বেন। এবারো দু’পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ৯ জানুয়ারি থেকে শুরু হবে মূল ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে শুরু হয়েছে ইজতেমার মূল পর্বের প্রস্তুতির কাজ।

জেএ