সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

সোমবার বেলা সোয়া তিনটার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান। পরে শহীদ বেদীর সামনে লাখো শহীদদের প্রতি পুস্পস্তপক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর।

সেনাবাহিনীর একটি বিশেষ সুসজ্জিত দল প্রদান করে গার্ড অব অনার। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন তিনি।

পরে স্মৃতিসৌধের আঙ্গিনায় একটি আম গাছের চারা রোপন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে তিনটা ২০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন হুন সেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আশুলিয়ার ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের জাপানী বিনিয়োগকারী ওয়াইকেকে নামক একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

এদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আগমন উপলক্ষে সোমবার দুপুরের পর থেকেই ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়ক নিরপাত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই