প্রিয়জনের সঙ্গে ছুটি কাটিয়ে রাজধানীমুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে।
আজ (১৬ আগস্ট) শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে।
দীর্ঘ সময় লাইন দাঁড়িয়ে টিকিট কেটে লঞ্চ ও স্পিডবোটে উঠছেন কর্মজীবী মানুষ। এছাড়া দুর্ঘটনা আশঙ্কায় অনেক যাত্রী ফেরিতে করে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।
এদিকে, যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক কাজ করছেন।
এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিমও মাঠে রয়েছে।
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, দঞ্চিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করেন।
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের সেবায় ২১টি ফেরি, ৮৭টি লঞ্চ, দেড় শতাধিক স্পিডবোট রাখা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর তিন শতাধিক সদস্য সার্বক্ষণিক কাজ করছেন। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরে রাখা হয়েছে পুরো কাঁঠালবাড়ি ফেরিঘাট।
এমবি





