ধলেশ্বরী নদীতে যাত্রীবোঝাই দুটি লঞ্চে অভিযান চালিয়ে ১৩ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শহরের কাছ থেকে এটা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের পাগলার কোস্টগার্ডের পিটি অফিসার ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকা গামী এমভি কর্ণফুলী-৩ ও এমভি ফারহান-২ নামের দুটি লঞ্চে অভিযান চালিয়ে দুটি ঝুড়িতে ও ছয়টি ছোট বস্তায় ওই জাটকা জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড। পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

গত ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ৭২ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

কেএইচ