ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।কেন্দ্রের সুইচ ইয়াডের সিটি বিস্ফোরণ হয়ে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
আগুন লাগার খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও কারখানার কর্মচারীরা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, ভোর ৩টার দিকে ১২৮ কেভি সাবস্টেশনের সুইচ ইয়াডের একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
পরে আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও কারখানার কর্মচারীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২নং ইউনিট, ৫৬ মেগাওয়াট ক্ষমতার জিটি-২ ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
পরে পর্যায়ক্রমে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন শুরু করা হয়েছে। বাকি বন্ধ দুটি ইউনিট খুব শিগগিরই চালু হয়ে যাবে। আগুনে কারখানার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এসএইচ





