অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি বর্ধনশীল বলে জানিয়েছে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল।
আজ রোববার (০৭ মে) আইএমএফ মিশনের পক্ষ থেকে এক এক বিবৃতিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। তবে, সামনে বাংলাদেশের জন্য ৩টি চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো- ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক আর্থিক খাতের অস্থিরতা এবং প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোতে প্রবৃদ্ধির ধীরগতি। এই তিন কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি, বিদেশি মুদ্রার মজুত ও টাকার মানের ওপর প্রভাব ফেলবে।
এদিকে একইদিনে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আইএমএফ শর্ত অনুযায়ী কাজ করছে বাংলাদেশ ব্যাংক। গৃহীত এসব কার্যক্রমের অগ্রগতি আগামী জুলাই মাস থেকে দৃশ্যমান হবে।
এ ছাড়া গুণগত মান উন্নয়ন সংক্রান্ত শর্ত, অবকাঠামোগত মান উন্নয়ন সংক্রান্ত শর্ত, সাধারণ শর্তসহ আরও অনেকগুলো বিষয়ে আইএমএফ প্রতিনিধি দল আলোচনা করেছে বলেও জানান মেজবাউল হক।
এবিএস





