ময়মনসিংহ শহরের কাঁচারীঘাট বালু ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বালু ব্যবসায়ী ও বালু শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে তারা। পরে হামলাকারীদের বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
এসময় ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা আসিফ হোসেন ডন, বীর মুক্তিযুদ্ধা কাজী আলমগীর, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শামসুদ্দিন শামসু, সাধারণ সম্পাদক আহাদুর রহমান বাপ্পী, শ্রমিক নেতা ইব্রাহিম মাছুম, হাফিজুর রহমান, বাপ্পা সাহা, মতিউর রহমান, সোহেল গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন পুরাতন ব্রক্ষ্মপুত্র নদের চরে ৫০বছরের অধিক সময় ধরে শতাধিক বালু ব্যাবসায়ী ও সহস্ত্রাধিক বালু শ্রমিক ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছে। গত কিছুদিন যাবত নদীর অপর পাড়ের কতিপয় অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকাসক্ত, এবং মাদক ব্যবসায়ী এই শান্তি প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বিনষ্ট করছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, এই সন্ত্রাসীদের মূল হোতা অস্ত্রধারী সেলিম ওরফে চৌরা সেলিম ও ফারুক এবং তার সহযোগীদের নামে কোতয়ালী থানায় বেশ কিছু সন্ত্রাসী মামলা লিপিবদ্ধ রয়েছে।
বিগত ২৯/০৩/১৫ ইং সেলিম ফারুক গংরা বিকাল আনুমানিক ৫ টার দিকে দেশী/বিদেশী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে ৫০/৬০ জনের একটি দল নিয়ে বালু ব্যবসায়ীদের উপর হামলা চালায়। প্রকাশ্যে ভাংচুর করে এবং ব্যবসায়ীদের জানমালের উপর হামলা প্রদান করে।
আরও বলা হয়, এমতাবস্তায় বালু ব্যবসায়ী ও বালু শ্রমিকদের জীবন জীবিকা অনিশ্চিয়তার মুখে, বালু ব্যবসায়ী ও বালু শ্রমিকগণ হুমকী ও আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
সন্ত্রসীরা দলবেধে আবার আক্রমণ করার নানাবিধ ষড়যন্ত্র করছে। এমতাবস্থায় সেলিম গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট অনুরোধ জানানো হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন তারা।
এমকে





