শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে স্বামী বানিয়ে সোনালী ব্যাংকের গফরগাঁও শাখা থেকে মুক্তিযোদ্ধা ভাতার টাকা উত্তোলন করে নিয়ে গেছে মেয়ে ফাতেমা আক্তার।
আর এই জালিয়াতির সঙ্গে জড়িত গফরগাঁও সমাজ সেবা অফিসের উচ্চমান সহকারী আমিনুল ইসলাম।
সূত্র জানায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের জৈন উদ্দীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদ হন। স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হিসেবে শহীদ জৈন উদ্দীনের ছেলে-মেয়েরা সরকারি নানা সুযোগ সুবিধা ভোগ করে আসছিলেন।
সরকার চলতি অর্থবছরে মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা তিন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করায় লোভের মোহে শহীদ বাবাকে জৈন উদ্দীনকে স্বামী বানিয়ে মেয়ে ফাতেমা আক্তার মুক্তিযোদ্ধার স্ত্রী দাবি করে ভাতার কার্ড করেন।
এরপর ওই কার্ড ব্যবহার করে গত ৫ আগস্ট মুক্তিযোদ্ধা হিসাব নং-৭৬৪ সোনালী ব্যাংক গফরগাঁও শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ১৫ হাজার টাকা উত্তোলন করেন ফাতেমা।
জানা গেছে, মেয়েকে মুক্তিযোদ্ধার স্ত্রী বানিয়ে ভাতা কার্ড করে দেওয়ার এ জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে উপজেলা সমাজ সেবা অফিসের উচ্চমান সহকারী আমিনুল ইসলাম।
এ ব্যাপরে উপজেলা সমাজ সেবা অফিসার নাছরিন জাহান (অতিরিক্ত দায়িত্ব) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউডি আমিনুলকে টাকা ফেরত দেওয়ার জন্য নিদের্শ দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংক গফরগাঁও শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান জানান, মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার তলিকা প্রণয়ণের দায়িত্ব উপজেলা সমাজ সেবা অফিসের। ব্যাংক শুধু টাকা দেয়।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





