সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে সন্দেহভাজন এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, জাহাঙ্গীর মাদক ব্যবসায়ী।
ঘটনাস্থল থেকে ১টি রিভলবার, ৪টি গুলি, ১০৫টি ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মাঠে এই‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মাহমুদপুর রেলওয়ে কলোনি পূর্বপাড়া মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার ও দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মাদকের লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে মাহমুদপুর মাঠে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৭ মিনিট বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ‘মাদক ব্যবসায়ী’ জাহাঙ্গীরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তিনি আরও জানান, নিহত জাহাঙ্গীর হোসেনের নামে সদর থানায় ৭টি মাদক মামলা রয়েছে।
এমবি





