নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
বুধবার বিকালে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আইড়মাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বিকালে বাঘা থেকে ঢাকাগামী রিজার্ভ বাস অরিক পরিবহন আইড়মারি ব্রিজের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে এক যাত্রী নিহত ও কমপক্ষে আরও ৩০ জন আহত হন।
খবর পেয়ে নাটোর ও গুরুদাসপুর থানার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আহতদের নয়জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হতাহতরা সবাই বাঘার আড়ানী এলাকার বাসিন্দা বলে তিনি জানান।
কেএইচ





