মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে চার দিন বন্ধ থাকার পর রো রো ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাওয়া ৩ নম্বর রো রো ঘাট পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাত ৮টা থেকে রো রো ফেরি পুনরায় চালু করা হয়।

গত ৪ দিনে কাওড়াকান্দি ঘাটে আটকা পড়া শত শত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে।

এদিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। রো রো ফেরি পুনরায় চলাচল করায় সাধারণ যাত্রী ও যান চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক এমএ বাতেন মিয়া জানান, ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে রো রো তিনটি, ডাম্ব ছয়টি, তিনটি কে-টাইপ ও দুটি ভিআইপি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ আস্তে আস্তে কমতে শুরু করেছে বলেও জানান তিনি।

১৯ আগস্ট রাতে মাওয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে যায়। ২৮ আগস্ট পুনরায় তা স্থাপন করা হয়। এরপর সোমবার দুপুরে আবারও পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে পুনরায় স্থাপন করা হয়।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই