মেহেরপুর-কাথুলি সড়কে শ্যালো ইঞ্জিনচালিত আলগামন (থ্রি-হুইলার) উল্টে যমুনা খাতুন (৩০) নামে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাংনী উপজেলার ওই সড়কের সহোগলপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত যমুনা খাতুন গাংনী উপজেলার ধলা গ্রামের আলামীন হোসেনের মেয়ে এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের সোহেল রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, যমুনা খাতুন ও তার পরিবারের সদস্যরা দুপুরে মেহেরপুর আদালত থেকে আলগামনে করে বাড়ি ফিরছিলেন। পথে সহোগলপুর বাড়ির ‍কাছে মোড় ঘোরাতে গিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায় গাড়িটি।

এতে গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন যমুনা। স্থানীয়রা তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওএফ