শনিবার তাণ্ডবের পর রবিবারও দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এক সতর্কবাণীতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ (রবিবার) দুপুর দেড়টা থেকে পরবর্তী ১৫ ঘণ্টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও বেশি বেগে বাতাস বয়ে যেতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা-বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবাণীতে বলা হয়েছে।

কালবৈশাখীর তাণ্ডবে শনিবার উত্তরাঞ্চলের ছয় জেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। এ পর্যন্ত ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কালবৈশাখীর তাণ্ডবে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বগুড়ায়। সেখানে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, লণ্ডভণ্ড ওই সব জেলার অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। টেলিফোন লাইনও বিচ্ছিন্ন রয়েছে। গাছপালা এবং কাঁচা আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি গত ২ এপ্রিল বলেছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম, উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে ৩ থেকে ৪ দিন বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ও দেশের অন্য জায়গায় ৪ থেকে ৫ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে।

এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে কমিটি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৮২ মিলিমিটার। এ ছাড়া দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময়ে ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জেআই