আজ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে লাল-গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয় তাকে। বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত। ভারতীয় লেখক ও কূটনীতিক বিকাশ স্বরূপ টুইটারে এক টুইট-বার্তায় দুই প্রতিবেশী রাষ্ট্রের একটি প্রতীকী সাদৃশ্য খোঁজার চেষ্টা করেছেন, যা মোদির বাংলাদেশ সফরকেও প্রতিফলিত করে।
একই সূত্রে গাঁথা দুই প্রতিবেশী রাষ্ট্র। কি সেই সূত্র? বিকাশ স্বরূপ তার টুইট-বার্তায় লিখেছেন: ‘দুই প্রতিবেশী। দুটি জাতীয় সঙ্গীত। রচয়িতা একজন। আমার সোনার বাংলা এবং জন গণ মন বেজে উঠলো আনুষ্ঠানিক সংবর্ধনায়।’
প্রতিবেশী দুই রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের রচয়িতাই নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিকাশ স্বরূপ তার উপন্যাস ‘কিউ অ্যান্ড এ’ লিখে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। পরবর্তীতে, সেই উপন্যাস অবলম্বনেই নির্মিত হয় ভারতের ইতিহাসের অন্যতম সফল চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নেয়ার’ এবং অকল্পনীয় আরেকটি ইতিহাস রচনা করে জিতে নেয় ৮টি অস্কার।
এসএইচ





