মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।

আজ (২৭ আগস্ট) সকাল ৭টায় শিমুলিয়া ফেরি ঘাট এলাকা থেকে ফেরি ছেড়ে যায়। গতকাল (২৬ আগস্ট) রাত ৮টা থেকে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এই তথ্য জানায়।

গতকাল (রোববার) সকাল থেকেই ছোট ও হালকা গাড়ি পারাপার করছে ফেরিগুলো। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা বেশিরভাগ গাড়িই দূরপাল্লার যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার। গতকাল রাতে ফেরি চলাচল বন্ধ থাকায়  ঘাট এলাকায় অনেক গাড়ি অপেক্ষায় আছে পারাপারের জন্য।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালিদ নিয়াজ  জানান, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি গতকাল (২৬ আগস্ট) রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট নিরসনের জন্য চ্যানেলের মুখে বালি অপসারণের (খনন) কাজ  চলে। আজ (২৭ আগস্ট) সকাল ৭টার সময় শিমুলিয়া ফেরি ঘাট এলাকা থেকে ফেরি ছেড়ে যায়। সারা রাত ফেরি চলাচল না করাতে ঘাট এলাকায় পারাপারের জন্য গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এই নৌরুটে  কে-টাইপ, মাঝারি ও রো রো ফেরিসহ ১৭টি ফেরি চলাচল করছে।

তিনি আরও জানান, বর্তমানে ঘাট এলাকায় ৭ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় অবস্থান করছে। রো রো ফেরিকে মাঝিকান্দী পালের চর রুটে অতিরিক্ত ৩০ কিমি ঘুরে পথ পাড়ি দিয়ে কাঠালবাড়ী যেতে হবে। লৌহজং টার্নিং পয়েন্ট হয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে কে-টাইপ, মাঝারি আকৃতির ফেরি চলাচল করবে। তবে রো রো ফেরি লৌহজং টার্নি পয়েন্টে চলাচল করতে পারলে দ্রুত যানবাহন পারাপার করতে পারত।

এমবি