ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা পাড়ে চরের মধ্যে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে আটকে পড়েছে এমভি আঁচল-৪ নামে একটি লঞ্চ।

মেঘনায় ভাটার কারণে পানি কম থাকায় লঞ্চটি দীর্ঘসময় চরের মধ্যে আটকে থাকায় অসহনীয় দুর্ভোগে পড়েন লঞ্চ যাত্রীরা।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার ইস্মানিরচর গ্রাম সংলগ্ন মেঘনা পাড়ে চরের মধ্যে আটকা পড়ে লঞ্চটি। সন্ধ্যা ৬টা পর্যন্ত এটির উদ্ধার হওয়ার খবর পআওয়া যায়নি।

গজারিয়ার ইস্মানিরচর গ্রাম সংলগ্ন এলাকা থেকে মোবাইল ফোনে লঞ্চের মাস্টার মুজিবুল হক লঞ্চ আটকে পড়ার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ঘন কুয়াশার কবলে পড়ে মেঘনা পাড়ে নোঙর করার চেষ্টা চালালে চরের মধ্যে আটকা পড়ে লঞ্চটি।

গজারিয়া উপজেলা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শাখাওয়াত হোসেন জানান, এখন মেঘনায় ভাটা চলছে। তাই পানি কম থাকায় লঞ্চটি চরের মধ্যে আটকা পড়েছে। লঞ্চটি উদ্ধারের জন্য জোয়ার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কেএইচ