উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘কোমেন’-এ পরিণত হয়ে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ৪/৬ ফুট উচ্চতার জলোচ্ছাসে কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করেছে জেলা আবহাওয়া অফিস।
এ অবস্থায় কক্সবাজার অভ্যন্তরীণ রুটে যাতায়াতরত সকল বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার রাত ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।
এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের সব সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, কক্সবাজারে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে বিমানবন্দরের সকল উপকরণ সরিয়ে নেয়া হচ্ছে।
পাশাপাশি বিমানবন্দরের লাইটিং ব্যবস্থা বন্ধ করা হয়েছে। বিপদ এড়াতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।
এআর





