গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নকল রৌপ্যমুদ্রা কারবারী প্রতারক চক্রের মূল হোতাসহ দু'জনকে আটক করছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রামের মোতাল্লেব মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- তাজপুর গ্রামের আব্বাস আলীর ছেলে নূরু মন্ডল (৪৫) ও তার সহযোগী একই ইউনিয়নের বদলখাঁ গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে আনছার আলী (৪০)।
সাদুল্যাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, নূরু মন্ডল দীর্ঘদিন ধরে রৌপ্যমুদ্রা দেওয়ার কথা বলে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণ করে আসছিলেন। ওইসব ঘটনায় তার বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
এরই ধারাবাহিকতায় নূরু মন্ডলের আপন ভাই মোতাল্লেব মিয়া চট্টগ্রামের রাউজান উপজেলার গোহিরা এলাকার জাফর মিয়ার ছেলে মাসুদ মিয়াকে রৌপ্যমুদ্রা দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলেন। সোমবার সকালে মাসুদ দুই বন্ধুসহ রৌপ্যমুদ্রার লোভে মোতাল্লেবের বাড়িতে আসেন।
গোপন সূত্রে এ খবর পেয়ে রাতে মোতাল্লেবের বাড়িতে অভিযান চালিয়ে নূরু মন্ডল ও তার সহযোগী আনছার আলীকে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোতাল্লেব পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
কেএইচ





