রিমান্ডে থাকা ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি জসিম উদ্দিন সরকারকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানার সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতে খায়ের আলম জানান, এর আগে গত বৃহস্পতিবার তাকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। তিনদিনের রিমান্ড শেষে রোববার আদালত তার আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, একটি সূত্র জানায়, রিমান্ডে থাকা শিবির সভাপতি জসিমের অবস্থা গুরুতর।

তবে এর বেশি আর কোনো তথ্য জানাতে পারেনি সূত্রটি।

সূত্র মতে, গত ২৫ জুলাই দুপুরে নগরীর ছোটবনগ্রাম এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

পরদিন বিকেলে শিবির নেতা জসিম উদ্দিনকে অস্ত্র, বিস্ফোরক ও নাশকতার তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত রিমান্ড আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এরপর গত বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনদিনের রিমান্ড শেষে রোববার তার আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এমবি